দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতায় থানা-পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে। এছাড়া কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তিন জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে গ্রেফতার করে।
গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর কাওরান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো কার্যালয় এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এক পর্যায়ে অগ্নিসংযোগ করা হয় দুই কার্যালয়েই। একই দিন মধ্যরাতে ধানমন্ডিতে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের সংস্কৃতি ভবনে হামলার ঘটনা ঘটে। পরদিন শুক্রবার রাতে ঢাকার তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উদীচীর একাংশের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে দাবি করেছেন, পরিকল্পিতভাবেই সেখানে আগুন দেওয়া হয়েছে।
প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















