পাবনা শহরে বিষাক্ত মদপানে সুমন সরকার (৩৫) ও মামুন (৩২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মৃতদের পরিবার এ বিষয়ে মুখ না খুললেও স্থানীয় একাধিক ব্যক্তি দাবি করেছেন, শহরের পাথরতলা এলাকায় পাবনা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকীর বাড়িতে ‘চাকী বার’-এ মদ পান করেছিলেন তারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে।
মৃত সুমন সরকার পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্জিত সরকারের ছেলে এবং মামুন রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে।
পাবনা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুখী পারভীন বলেন, ‘রাত ১২টার দিকে একজনকে এবং রাত ৩টার দিকে আরেকজনকে হাসপাতালে আনা হয়। একজন হাসপাতালে মারা গেলে তার মরদেহ স্বজনরা নিয়ে যান। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে মৃত্যু হয় বলে শুনেছি।’
পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন বলেন, ‘হাসপাতালের নথীতে মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত মদ্যপান উল্লেখ করা হয়েছে। কোথা থেকে, কীভাবে তারা মদ পান করেছেন, তা তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’
এদিকে, মৃতদের পরিবার এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। সুমনের পরিবারের সদস্যরা দাবি করছেন, তিনি ‘গ্যাস্ট্রিকের’ কারণে মারা গেছেন। শুক্রবার সকালেই তার মরদেহ দাহ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, পাবনা শহরে প্রলয় চাকীর বাড়িতেই ‘চাকী বার’ নামে একটি মদের আড্ডা রয়েছে। সেখান থেকে ‘পিড’ নামের বিদেশি মদ এনে দুই বন্ধু পান করেন। কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়।
রিপোর্টারের নাম 






















