কিশোরগঞ্জের নিকলী হাওরে বজ্রপাতে আক্রান্ত হয়ে বাবুল সরকার (৪৫) নামে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের উলাবাইরা চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি একটি স্টিলবডি নৌকার চালক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল সরকারসহ বেশ কয়েকজন যাত্রী ধান বিক্রি করে আশুগঞ্জ থেকে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে নৌকার যাত্রীরা পাটাতনের নিচে নিরাপদ আশ্রয় নিলেও মাঝি হওয়ার কারণে তিনি ওপরেই অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে যাত্রীরা ওপরে উঠে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বজ্রপাতে নিহতের বিষয়টি প্রশাসন অবগত হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও সহযোগিতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























