হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় সোহেল মিয়া (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক প্রাণ হারিয়েছেন। রোববার ভোরে উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সোহেল কুর্শি গ্রামের জব্বার উল্লাহর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট অভিমুখী একটি দ্রুতগামী মাছবোঝাই ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। এদিকে সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষুব্ধ অটোরিকশা শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সড়ক বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা ও শেরপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, ট্রাকটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 























