তথাকথিত ‘রাডার ইলুমিনেশন’ ইস্যুতে জাপানই প্রথম ইচ্ছাকৃত উসকানিমূলক আচরণ করেছে এবং পরবর্তীতে ভুল তথ্য ছড়িয়ে দিয়েছে। এ অভিযোগ করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংশ্লিষ্ট জলসীমা ও আকাশসীমায় চীনের সামরিক মহড়া ও প্রশিক্ষণ আন্তর্জাতিক আইন ও প্রচলিত আন্তর্জাতিক প্রথা অনুযায়ী সম্পূর্ণ বৈধভাবে পরিচালিত হয়েছে। এসব কার্যক্রম ছিল পেশাদার, নিয়মভিত্তিক, নিরাপদ, সংযত ও প্রশ্নাতীত।
মুখপাত্র জানান, গতকাল জাপান জানিয়েছিল যে, তারা চীনের ফ্লাইট মহড়ার কোনও পূর্ব-নোটিস পায়নি। কিন্তু আজ তারা বলছে যে আগেই তথ্য পেয়েছিল। এই অসঙ্গতির পাশাপাশি জাপান এখনও ব্যাখ্যা করতে পারেনি কেন তারা চীনের পূর্বঘোষিত মহড়া এলাকায় যুদ্ধবিমান পাঠিয়ে বারবার শত্রুতামূলক নজরদারি ও বিঘ্ন সৃষ্টিকারী চাল চালিয়েছে। এর মাধ্যমে তারা সংকট তৈরি করেছে এবং গণমাধ্যমে বাড়াবাড়ি করেছে।
মুখপাত্র প্রশ্ন রাখেন, জাপান কি তবে দৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতে এবং আন্তর্জাতিক সমাজকে বিভ্রান্ত করতে চাইছে?
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বিষয়টি পরিষ্কারভাবে দেখা এবং জাপানের ভুল বর্ণনায় বিভ্রান্ত না হওয়া। বিশেষত জাপানের মিত্রদের উচ্চ সতর্কতায় থাকা উচিত যেন তারা ভুলপথে পরিচালিত না হয়।
কুও বলেন, জাপানকে গভীরভাবে আত্মসমালোচনা করে নিজ ভুল সংশোধন করতে হবে এবং চীনের তাইওয়ান প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দেওয়া ভুল মন্তব্য প্রত্যাহার করতে হবে।
সূত্র: সিএমজি
রিপোর্টারের নাম 





















