চুয়াডাঙ্গায় পুলিশের বাৎসরিক ফায়ারিংয়ের অনুশীলনে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলা অবস্থায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ পথচারী বাবু হোসেনকে (৩২) উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়। বাবু চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মণ্ডলপাড়ার হামিদ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বাবু মোটরসাইকেলে হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন। সে সময় একটি বুলেট তার বুকের বাঁ পাশে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা ও বুলেট অপসারণের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, ‘বাবুর বুকের বাঁ পাশে একটি বুলেট প্রায় এক ইঞ্চি মতো বিদ্ধ হয়েছে। এখানে অস্ত্রপোচার সম্ভব হয়নি। রাজশাহী মেডিক্যালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘সব নিয়ম মেনে ও জনসাধারণকে সতর্ক করেই দুই দিনব্যাপী ফায়ারিং কার্যক্রম চলছে। তবে গুলিটা কোথা থেকে বিদ্ধ হয়েছে তা তদন্ত করে দেখা হবে।’
রিপোর্টারের নাম 






















