চট্টগ্রামে আমদানি-রফতানি কনটেইনার ব্যবস্থাপনায় যুক্ত বেসরকারি কনটেইনার ডিপোর ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম বন্দর ভবনে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার এ ধর্মঘট কর্মসূচি পালনের কথা ছিল।
কনটেইনার ডিপো সমিতি সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর থেকে কনটেইনার ডিপো রফতানি ও খালি কনটেইনারের সেবা বাবদ বাড়তি মাশুল আদায়ের ঘোষণা দিয়েছিল ডিপো সমিতি। তবে একজন ব্যবহারকারী বিষয়টি নিয়ে আদালতে রিট করেন। আদালত বাড়তি মাশুল আদায়ে স্থগিতাদেশ দেন। বাড়তি মাশুল আদায় করতে না পেরে বৃহস্পতিবার থেকে রফতানি কার্যক্রম বন্ধ বা ধর্মঘট কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছিল ডিপো পরিচালনাকারীরা। পোর্টলিংক লজিস্টিকস ছাড়া বাকি সব ডিপোর রফতানি বন্ধের কথা ছিল।
এ অবস্থায় বুধবার বিকালে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে কনটেইনার ডিপো সমিতির বৈঠক হয়। বৈঠকে বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ, কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের সভাপতি খলিলুর রহমানসহ ডিপো পরিচালনাকারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘বন্দর ও কাস্টমসের সঙ্গে আলোচনার পর আগামীকালের কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করতে সম্মত হয়েছে কনটেইনার ডিপো সমিতি।’
কনটেইনার ডিপো সমিতির মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, গত ১৩ বছর ধরে একই মাশুল থাকায় ডিপো পরিচালনায় লোকসান গুনছেন উদ্যোক্তারা। আদালতের স্থগিতাদেশের কারণে নতুন যে মাশুল নির্ধারণ করা হয়েছিল, তা বাস্তবায়ন করা যায়নি। এ কারণে লোকসান ঠেকাতে রফতানি কার্যক্রম বন্ধ রাখার জন্য ডিপোগুলো আলাদাভাবে সিদ্ধান্ত নিয়েছিল। এ পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা এক মাসের মধ্যে বিষয়গুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসে কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করা হয়।
রিপোর্টারের নাম 





















