পাবনাবাসীর দীর্ঘদিনের একটা বড় আক্ষেপ ছিল ঢাকায় যেতে হলে ঈশ্বরদী কিংবা রাজবাড়ী হয়ে ঘুরে যেতে হয়, সরাসরি ট্রেন নেই। সেই আক্ষেপ এবার শেষ হতে চলেছে। প্রধান উপদেষ্টার সড়ক ও রেল বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন মঙ্গলবার পাবনার পাকশীতে সাংবাদিকদের বলেছেন, আগামী বছর মার্চ থেকেই পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু হচ্ছে।
শেখ মঈনুদ্দিন বলেন, ‘এখনও কোচের একটা স্বল্পতা আছে। কিন্তু সেটা খুব শিগগিরই মিটে যাচ্ছে। রেলওয়ে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। অর্থাৎ আর মাত্র তিন মাসের অপেক্ষা, তারপর পাবনা রেলস্টেশন থেকে সরাসরি কমলাপুরে নামা যাবে।’
শুধু ট্রেন চলাচল নয়, পাবনার যোগাযোগের পুরো চেহারাই বদলে যেতে চলেছে বলে জানান শেখ মঈনুদ্দিন। তিনি জানিয়েছেন, আব্দুল হামিদ সড়ক (পাবনা-নগোপালপুর-হেমায়েতপুর রোড) প্রশস্তকরণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আরিচা-খাসচর ফেরি সংযোগ প্রকল্প এগোচ্ছে। পাকশী-বাধেরহাট ও কাশীনাথপুর-উল্লাপাড়া সড়ক চার লেনে উন্নীত হবে। ঈশ্বরদী রেলগেটের চিরকালীন যানজট দূর করতে ওভারপাস নির্মাণ হচ্ছে।
আরেকটা বিশেষ খবর, রূপপুর পারমাণবিক প্রকল্পের মালামাল আনার জন্য যে অস্থায়ী রেলস্টেশন করা হয়েছিল, সেটাকে এবার স্থায়ী যাত্রীসেবায় রূপান্তর করার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 



















