চাঁদপুরে মায়ের হাত ধরে মক্তবে যাওয়ার পথে বাসচাপায় মাহফুজ হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় চাঁদপুর থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের চাপায় মহামায়া পশ্চিম বাজার সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পরে প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে মহামায়া বাজার ও এলাকাবাসী।
শিশু মাহফুজ মহামায়া এলাকার তাহসিনুল উম্মাহ মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন। তার বাবা মহামায়া মসজিদের খাদেম মাঈনুল ইসলাম।
শিশুর মা জয়নব বেগম জানান, তার হাত ধরে মক্তবে যাচ্ছিল ছেলে মাহফুজ। হঠাৎ হাত ছেড়ে দৌড়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় কক্সবাজারগামী সৌদিয়া বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাহফুজের।
চাঁদপুর সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা মিন্টু দত্ত জানান, মায়ের হাত ধরে মক্তবে যাওয়ার পথে বাসচাপায় মাহফুজ হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
শিশু মাহফুজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রিপোর্টারের নাম 



















