কোঁকড়া চুল মানেই এক ধরনের ব্যক্তিত্ব, এক ধরনের উচ্ছল সৌন্দর্য। বাতাসে দুলে ওঠা কার্লের ভাঁজ যেন প্রতিটি মুহূর্তে আলাদা গল্প বলে। কিন্তু সত্যি বলতে, কোঁকড়া চুলের যত্ন নেওয়া অনেকটা ফুলের বাগান দেখাশোনার মতো; সঠিক পানি, সঠিক আলো আর নিয়মিত পরিচর্যা ছাড়া সৌন্দর্য টেকে না। তাই অনেকের কাছেই কার্ল ম্যানেজমেন্ট যেন যুদ্ধের মতো লাগে। আর্দ্রতা, ধুলাবালি, ভুল শ্যাম্পু কিংবা চুল আঁচড়ানোর অভ্যাস, সব মিলিয়ে চুলের শেপ হারিয়ে যায় সহজেই।
তবে সুসংবাদ হলো, কিছু সহজ অভ্যাস বদলালেই কোঁকড়া চুলকে রাখা যায় ঝকঝকে, গোছালো আর প্রাণবন্ত।
কার্ল-ফ্রেন্ডলি শ্যাম্পু বাছাই করুন
কোঁকড়া চুল সাধারণত একটু শুষ্ক হয়। তাই সালফেট, অ্যালকোহল ও প্যারাবেন–মুক্ত শ্যাম্পু ব্যবহার করা জরুরি। এগুলো চুলের প্রাকৃতিক তেল নষ্ট করে না, ফলে কার্ল থাকে স্পষ্ট এবং নরম।
কন্ডিশনারই আপনার সেরা বন্ধু
শ্যাম্পুর চেয়ে কন্ডিশনার কোঁকড়া চুলের জন্য বেশি গুরুত্বপূর্ণ। শ্যাম্পুর পর ভালো কন্ডিশনার লাগান, চাইলে সপ্তাহে একদিন ডিপ কন্ডিশনিং করুন। এতে চুল থাকবে হাইড্রেটেড এবং ফ্রিজ কমবে।
চুল শুকানোর স্টাইলটাই সব
তোয়ালে দিয়ে জোরে ঘষা কার্লের সবচেয়ে বড় শত্রু। তার বদলে মাইক্রোফাইবার তোয়ালে বা পুরনো নরম টি-শার্ট দিয়ে চুলটা হালকা প্যাঁচিয়ে পানি চেপে নিন। এতে ফ্রিজ কমে যায় অনেকটাই।
কার্ল ক্রিম ব্যবহার করুন
চুল ভেজা থাকা অবস্থায় কার্ল ক্রিম বা লিভ-ইন কন্ডিশনার লাগান। এতে প্রতিটি কার্লের ওপর একটা সুরক্ষাবলয় তৈরি হয়, শেপ ধরে রাখে দীর্ঘ সময়।
চিরুনি? থাক, দরকার নেই
কোঁকড়া চুলে ব্রাশ বা ফাইন টুথ চিরুনি ব্যবহার করলে কার্ল ভেঙে যায়। চাইলে ওয়াইড-টুথ কম্ব ব্যবহার করতে পারেন, তাও ভেজা অবস্থায়। শুকনো চুলে আঁচড়ানো একেবারেই নয়।
স্ক্রাঞ্চ করুন
চুলে প্রোডাক্ট লাগানোর পর নিচ থেকে উপরের দিকে চুল তুলে স্ক্রাঞ্চ করুন। এতে কার্লের স্বাভাবিক শেপ আরও সুন্দরভাবে ফিরে আসে।
রাতে সিল্ক বা সাটিনের বালিশের কভার
কটন বালিশের কভার ঘর্ষণ বাড়ায়, ফলে সকালে চুল হয়ে যায় ফ্রিজি। সাটিন বা সিল্কের কভার চুলকে রাখে নরম, উজ্জ্বল ও গোছালো।
হিট স্টাইলিং কমিয়ে দিন
স্ট্রেটনার বা কার্লিং আইরন বেশি ব্যবহার করলে কোঁকড়া চুলের টেক্সচার নষ্ট হয়ে যায়। যতটা সম্ভব ন্যাচারাল স্টাইলিং-ই ভালো।
আর্দ্রতার মৌসুমে বিশেষ যত্ন
বর্ষা বা আর্দ্র দিনে অ্যান্টি-ফ্রিজ সিরাম ব্যবহার করুন। এতে কার্ল দীর্ঘ সময় ধরে শেপ বজায় রাখবে।
শেষ কথা
কোঁকড়া চুল মানেই কোনও সমস্যা নয়; বরং এটি আপনার ব্যক্তিত্বের একটি শক্তিশালী অংশ। সঠিক যত্নে এই চুল হতে পারে আরও আকর্ষণীয়, আরও দৃষ্টি–কাড়া। নিজের চুলের টেক্সচারকে ভালোবাসুন, তার যত্ন নিন—কার্ল আপনাকে কখনও হতাশ করবে না।
রিপোর্টারের নাম 
























