ব্র্যাক ইউনিভার্সিটি মানসিক স্বাস্থ্য ও সাইকোসোশ্যাল সাপোর্ট নিয়ে মাস্টার্স প্রোগ্রাম চালু করেছে। প্রোগ্রামটি পরিচালনা করবে ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (ব্র্যাক আইইডি)। প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ ২৮ ডিসেম্বর। প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ব্র্যাক ইউনিভার্সিটি এ তথ্য জানায়।
ইউনিভার্সিটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার মতো দক্ষ পেশাজীবীর প্রয়োজন বাড়ছে। সেই প্রয়োজন পূরণ করতেই এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় জানায়, এই মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনা হবে তত্ত্ব, অনুশীলন ও গবেষণার মিশ্রণে। আন্তর্জাতিক মান বজায় রেখে এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছে। সেইসঙ্গে বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় রাখা হয়েছে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা এখানে ক্লাস নেবেন।
সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই প্রোগ্রামটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এই উপলক্ষে ব্র্যাক আইইডি ‘মেন্টাল হেলথ ফর অল: ব্রেকিং স্টিগমা, বিল্ডিং ক্যাপাসিটি’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, পেশাজীবী, নীতিনির্ধারক ও মানসিক স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মানসিক স্বাস্থ্য নিয়ে সবাইকে আরও বেশি কথা বলতে হবে। ভুল ধারণা ভাঙতে হবে। আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের আরও ভালোভাবে সহায়তা করার জন্য সক্ষমতা বাড়াতে হবে।’
ব্র্যাক আইইডির এক্সিকিউটিভ ডিরেক্টর ড. ইরাম মরিয়ম বলেন, ‘বাংলাদেশে বহু বছর ধরে শারীরিক স্বাস্থ্য নিয়ে অনেক কাজ হয়েছে। কিন্তু মানসিক স্বাস্থ্যও একইভাবে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে মানসিক স্বাস্থ্য নিয়ে আরও বেশি বিনিয়োগ করা খুব জরুরি।’
অনুষ্ঠানে ‘থ্রাইভিং টুগেদার: ফ্রম লাইফ টু লিডারশিপ’ শীর্ষক একটি প্যানেল আলোচনাও হয়। বিভিন্ন পেশার মানুষ তাদের নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনার মধ্যে ছিল মানসিক সুস্থতার গুরুত্ব এবং এর চ্যালেঞ্জ।
রিপোর্টারের নাম 























