গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে তীব্র ঢেউয়ের কবলে পড়ে একটি ডিঙি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা চারজনের মধ্যে তিনজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও তারা মিয়া (৫০) নামে এক কৃষক নিখোঁজ রয়েছেন।
ফুলছড়ি ফায়ার স্টেশনের টিম লিডার মাসুফ রহমান জানান, ব্রহ্মপুত্র নদ পাড়ি দেওয়ার সময় তীব্র ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। তিনি আরও জানান, ঘটনার পরপরই রংপুর ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে বিকেল ৫টার দিকে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।
ঘটনাটি ঘটেছে ফুলছড়ি উপজেলার কাতলামারি, জোনাকির মোড় বাঁধের মাথা সংলগ্ন ব্রহ্মপুত্র নদে। নিখোঁজ তারা মিয়াকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) নিখোঁজ তারা মিয়াকে উদ্ধার করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি উপজেলার গজারিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মশিউর রহমান।
রিপোর্টারের নাম 























