উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)
নেত্রকোনায় পিকআপ ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় তিন পুরুষ ও এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ি পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং যান চলাচল স্বাভাবিক করে।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক-পিকআপ ও নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রিপোর্টারের নাম 



















