পিরোজপুরের নেছারাবাদে নাঈম (২৫) নামে এক ছাত্রলীগ নেতা প্রবাসীর ঘরে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী, কন্যাসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত নাঈম স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডের রফিক মিয়ার ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রবাসী ইলিয়াস হোসেনের বাড়ির পাশে সুপারি গাছ বেয়ে উঠে নাঈম ঘরে প্রবেশ করে। ঘরে থাকা ইলিয়াসের স্ত্রী নাজমা আক্তার তাকে দেখে ফেলায় মোবাইলে কল করতে উদ্যত হলে নাঈম ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। তার চিৎকার শুনে মেয়ে তাকে বাঁচাতে এলে তাকেও কুপিয়ে আহত করে। প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের ছেলে নুহিন মিয়া এগিয়ে এলে তাকেও গুরুতর জখম করে। নাঈম পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে।
হাসপাতালে চিকিৎসাধীন নাজমা আক্তার জানান, তিনি ঘরে কাজ করার সময় নাঈম ঘরে প্রবেশ করে। তাকে বাধা দিতে গেলে সে ছুরি দিয়ে তাকে, তার মেয়ে এবং প্রতিবেশী নুহিনকে কুপিয়ে আহত করে। প্রতিবেশীরা এগিয়ে এসে নাঈমকে আটক করতে সক্ষম হয়।
প্রবাসী ইলিয়াস হোসেনের ভাই মিরাজ মিয়া জানান, তার ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন এবং এই সুযোগে নাঈম চুরি করতে এসেছিল।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানিয়েছেন, এ ঘটনায় নাঈম ও তার পিতা রফিককে থানায় আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 






















