রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি এবং ঐতিহাসিক ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ ঘোষণা করা হয়েছে। আগামী পহেলা আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই উৎসব চলবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নগর ভবনের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ‘ঢাকা শহরে আমরা অনেকেই বসবাস করি, কেউ জন্মসূত্রে, কেউ জীবিকার জন্য আবার কেউ শিক্ষার জন্য। এই শহর আমাদের আশ্রয় দিয়েছে, এই সূত্রে আমরা সবাই এই শহরের নাগরিক। কিন্তু শতবর্ষী এই রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে দৃঢ় বন্ধন না থাকায় এই শহরকে আমরা অনেকেই আপন করে নিতে পারিনি। ফলে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষাসহ সার্বিক বিষয়ে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি। নাগরিকদের হৃদয়ে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ তৈরির জন্যই এই আয়োজন।’
মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শিশু একাডেমিতে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা (যা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে), চ্যানেল আইয়ের ব্যবস্থাপনায় ঢাকার চলচ্চিত্রের ৭০ বছর পূর্তি উৎসব (ইতিমধ্যে সম্পন্ন), ১৪ আগস্ট ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’, ১৫ আগস্ট ‘ঢাকা হেরিটেজ রান’, ১৬–২২ আগস্ট ঢাকার ওপর নির্মিত মঞ্চ নাট্যোৎসব, ২১ আগস্ট ঐতিহ্যবাহী নৌকা বাইচ এবং শতবর্ষের পুরাতন ক্রুজযোগে পর্যটকদের ভ্রমণ, ২২ আগস্ট মধুমিতা সিনেমা হলে ঢাকা নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শন, ২১–৩০ আগস্ট ঢাকার বিপণিবিতানগুলোতে ‘দি গ্রেট ঢাকা সেল’, ‘লাভ লেটার টু ঢাকা’ শীর্ষক নাগরিকদের আবেগ ও ভালোবাসার চিঠি আহ্বান এবং শিল্পকলা একাডেমিতে ঢাকার ওপর নির্মিত মঞ্চ নাটক প্রদর্শন। এছাড়াও বিটিভিতে ঢাকা নিয়ে নির্মিত পুরোনো নাটক প্রদর্শনেরও আয়োজন রয়েছে।
রিপোর্টারের নাম 


















