চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে আজ (বৃহস্পতিবার) এই মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।
এদিন মামলার কয়েকজন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির না করায় রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ১ সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত মো. হোসেনের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় এই হত্যা মামলাটি দায়ের করেছিলেন।
মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে মো. হোসেন নিহত হন। পেশায় ট্রাকচালক হোসেন ঘটনার দিন গাবতলী থেকে বাসায় ফিরছিলেন। মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
এই মামলায় শেখ হাসিনা ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টু পলাতক রয়েছেন। এছাড়া, মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে আছেন এবং ১০ জন জামিনে রয়েছেন।
রিপোর্টারের নাম 




















