গাজীপুর জজ কোর্টের সামনে সরকারি আইনজীবী (এজিপি) অ্যাডভোকেট রুহুল আমিন ও অ্যাডভোকেট মাহীন হাসান শুভর ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ভুক্তভোগী আইনজীবীরা নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার গাজীপুর জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৯ আগস্ট বিকেল ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে জজ কোর্টের সামনের সড়কে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও হেলমেট ব্যবহার করে অ্যাডভোকেট রুহুল আমিনকে হত্যার উদ্দেশ্যে মাথা ও চোখ লক্ষ্য করে আঘাত করে বলে অভিযোগ করা হয়। এতে তিনি ও অ্যাডভোকেট মাহীন হাসান শুভ আহত হন। পরে তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগীরা জানান, ঘটনার পর আইনজীবী ও স্থানীয় লোকজন কয়েকজন অভিযুক্তকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ তাদের ছেড়ে দেয়। পরে চিকিৎসা শেষে অ্যাডভোকেট রুহুল আমিন বৃহস্পতিবার বিজ্ঞ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটি ১০২১/২০২৬ নম্বরে রুজু হয় এবং আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা আদালতের জারি করা পরোয়ানা দ্রুত কার্যকর করে অভিযুক্তদের গ্রেপ্তার ও আদালতে সোপর্দ করার দাবি জানান। পাশাপাশি ভুক্তভোগী, বাদী এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা। তারা বলেন, মামলা করাতে আসামিরা ক্ষিপ্ত হয়ে জীবননাশের হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট রুহুল আমিন (এজিপি), গাজীপুর জেলা আইনজীবী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট মোজাম্মেল, অ্যাডভোকেট কামরুল হাসান রাসেল, অ্যাডভোকেট আল আমিন ইসলাম আশিক, অ্যাডভোকেট আব্দুল্লাহ, অ্যাডভোকেট ওলিউল ইসলাম টুটুল, অ্যাডভোকেট আলমগীর হোসেন ও অ্যাডভোকেট মাহীন হাসান শুভ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















