গুণগত মান ও কঠোর কোয়ারেন্টাইন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ভারত থেকে আম আমদানি স্থগিত করেছে জাপান। সম্প্রতি উত্তর প্রদেশের একটি আম প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে পরিদর্শনে গিয়ে জাপানি বিশেষজ্ঞরা জীবাণুমুক্তকরণ ও কীটনাশক নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় ত্রুটি খুঁজে পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আলফানসো ও ল্যাংড়াসহ ভারতের জনপ্রিয় ছয়টি জাতের আম রপ্তানি বড় ধরনের ধাক্কা খেল।
জাপানের উদ্ভিদ সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যগত নিরাপত্তা ও প্রক্রিয়াগত মান উন্নত হয়েছে—এ বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন কোনো চালানের অনুমতি দেওয়া হবে না। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে উল্লেখযোগ্য পরিমাণ আম আমদানি করেছিল জাপান। যদিও পরিমাণের দিক থেকে এটি ভারতের বৃহত্তম বাজার নয়, তবে জাপানি বাজারে প্রবেশাধিকার আন্তর্জাতিক বাণিজ্যে আমের গুণগত মানের বড় স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
এদিকে শুধু আম নয়, ভারতের চাল রপ্তানিতেও নতুন সংকট দেখা দিয়েছে। মানসম্মত পণ্য সরবরাহ করতে না পারায় সম্প্রতি তিনটি ভারতীয় প্রতিষ্ঠানের আমদানি লাইসেন্স বাতিল করেছে চীন। একের পর এক আন্তর্জাতিক বাজারে ভারতীয় কৃষিপণ্যের এই নিষেধাজ্ঞা দেশটির রপ্তানি খাতে গভীর উদ্বেগ তৈরি করেছে।
রিপোর্টারের নাম 

























