নেত্রকোনার কলমাকান্দা ও পূর্বধলা উপজেলায় পৃথক তিনটি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহত শিশুদের বয়স এক থেকে ছয় বছরের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দার রংছাতী ইউনিয়নের কালাইকান্দি গ্রামে বাড়ির উঠানে খেলার সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায় এক বছর বয়সী মোয়াজ। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর কিছু সময় পর একই উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে ১৮ মাস বয়সী তাসকিন তারেক বাড়ির পাশের জমে থাকা বর্ষার পানিতে ডুবে মারা যায়।
অন্যদিকে, পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশু সুমন মিয়ার মৃত্যু হয়েছে। সে দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। স্বজনরা তাকে খুঁজে না পেয়ে পুকুরে তল্লাশি চালিয়ে নিথর দেহ উদ্ধার করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে তিন শিশুর এমন মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 
























