তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা করে ছয়টি প্রধান ব্যর্থতা চিহ্নিত করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই রাজনৈতিক ও জনস্বার্থভিত্তিক মূল্যায়ন তুলে ধরা হয়।
জেডিপির মতে, জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক সংঘাত বন্ধ এবং অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকার আশানুরূপ অগ্রগতি করতে পারেনি। দলটির আহ্বায়ক নাঈম আহমাদ জানান, বিশেষ করে সংসদ অধিবেশন বসার নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়া এবং উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট না হওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিচ্ছে।
তবে সরকারের কিছু উদ্যোগের প্রশংসাও করেছে দলটি। বিগত আওয়ামী লীগ সরকারকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের পথ প্রশস্ত না করা, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো এবং সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা বাতিলের সিদ্ধান্তকে তারা ইতিবাচক হিসেবে দেখছে। জেডিপি আহ্বান জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণতান্ত্রিক সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে।
রিপোর্টারের নাম 























