ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার ইংরেজি বিভাগের জনপ্রিয় শিক্ষক মো. আলী আনোয়ার এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলা এই শিক্ষক বর্তমানে দুটি কিডনি অকার্যকর হয়ে পড়ায় হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন। চিকিৎসকরা তাকে দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন, তবে দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ে তিনি এখন নিঃস্বপ্রায়।
আনোয়ারের জীবনটা শুরু থেকেই ছিল কণ্টকাকীর্ণ। মাত্র চার বছর বয়সে বাবার ভিটেমাটি ছেড়ে মায়ের সঙ্গে নানাবাড়িতে আশ্রয় নিতে হয়েছিল তাকে। অভাবের তাড়নায় তার মা অন্যের বাড়িতে কাজ করে পড়াশোনার খরচ জুগিয়েছেন। কৈশোরে আনোয়ার নিজেও অন্যের জমিতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করেছেন। মেধার জোরে সব বাধা জয় করে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করেন।
পেশাগত জীবনে বিসিএস শিক্ষা ক্যাডারে সুযোগ পেলেও একমাত্র বাকপ্রতিবন্ধী সন্তানের চিকিৎসার সুবিধার্থে তিনি ঢাকার বাইরে যাননি। সরকারি চাকরির মায়া ত্যাগ করে যোগ দেন ভিকারুননিসা নূন স্কুলে। গত দুই দশক ধরে সন্তানের চিকিৎসার জন্য ভারতের সিএমসি হাসপাতালসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন। সন্তানের পেছনে সবটুকু সঞ্চয় ব্যয় করে আজ তিনি নিজেই গুরুতর অসুস্থ।
বর্তমানে সপ্তাহে দুদিন তাকে ডায়ালাইসিস নিতে হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, তা জোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একজন আদর্শ শিক্ষকের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সাবেক শিক্ষার্থীদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।
রিপোর্টারের নাম 























