হরমুজ প্রণালীর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ বজায় রাখার ঘোষণা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, এই গুরুত্বপূর্ণ জলপথটি বর্তমানে ওয়াশিংটনের কার্যকর নিয়ন্ত্রণে রয়েছে এবং ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তিনি আরও দাবি করেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ ‘ইস্পাতের প্রাচীর’ হিসেবে কাজ করছে। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবির বিপরীতে ইরান প্রণালীটিতে তাদের প্রভাব বিস্তারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ওমানের সঙ্গে তেহরানের আলোচনা চলমান থাকায় ওয়াশিংটনের মধ্যস্থতায় শান্তি আলোচনার সম্ভাবনা বর্তমানে স্থবির হয়ে পড়েছে।
এদিকে, সংঘাতময় পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধপূর্ব সময়ে দৈনিক যেখানে ১৩০ থেকে ১৪০টি জাহাজ যাতায়াত করত, সেখানে বর্তমানে এই সংখ্যা আটে নেমে এসেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা প্রণালীটিতে স্বাভাবিক যান চলাচলের সুযোগ দেবে না।
রিপোর্টারের নাম 

























