বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের পরিকল্পনাহীনতা ও জ্বালানি ক্রয়ের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার কারণেই দেশ সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, জনগণের সরকারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও সরকার এখন অলিগার্কদের স্বার্থ রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে।
বুধবার এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, ‘লুটপাট নয় উৎপাদন’ স্লোগান নিয়ে ক্ষমতায় আসা সরকার এখন জ্বালানি খাতকে বেসরকারিকরণের নামে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার পাঁয়তারা করছে। তিনি উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের কালাকানুন ও দায়মুক্তি আইন বাতিলের কথা থাকলেও বর্তমান সরকার সেই একই পথে হাঁটছে।
বিবৃতিতে জ্বালানি খাতের অরাজকতা মোকাবিলায় ১৫ দফা প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, একটি প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীকে জ্বালানি তেল আমদানির সুযোগ দিতে তড়িঘড়ি করে নীতিমালা তৈরি করা হচ্ছে। বিপিসি চেয়ারম্যানের মতো কর্মকর্তাদের সরিয়ে দিয়ে সিন্ডিকেট তৈরির পথ প্রশস্ত করা হচ্ছে। আমদানির দরপত্রের সময়সীমা কমিয়ে দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতার পথ বন্ধ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় এই ‘অন্ধকার’ পরিস্থিতির জন্য সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
রিপোর্টারের নাম 























