গাইবান্ধার ফুলছড়িতে ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে একদল বিক্ষোভকারী। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল শেষে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে প্রকাশিত ফলাফল বাতিলের দাবিতে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও নিয়োগবঞ্চিতরা উপজেলা চত্বরে জমায়েত হন। একপর্যায়ে তারা ভবনের দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল, জানালার কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে ব্যর্থ হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হয়েছে। কোনো প্রকার অনিয়মের অভিযোগ আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। অতর্কিতভাবে এই ভাঙচুর চালানো হয়েছে যা অত্যন্ত দুঃখজনক।
এদিকে স্থানীয় ছাত্রদল ও যুবদলের পক্ষ থেকে বিক্ষোভের কথা স্বীকার করা হলেও ভাঙচুরের সাথে দলীয় সম্পৃক্ততা অস্বীকার করা হয়েছে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 

























