চট্টগ্রামের পটিয়া উপজেলায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ব্যাপক ধস নেমেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নানা তদারকির মধ্যেও উপজেলার ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়ের গড় পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫৫ দশমিক ৩১ শতাংশে। এই ফলাফলকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় বিপর্যয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পরিসংখ্যান অনুযায়ী, ৫ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৩ হাজার ১৭৯ জন। এর মধ্যে ১৯টি বিদ্যালয়ের পাসের হার ৫০ শতাংশের নিচে নেমে গেছে। তবে এই বিপর্যয়ের মধ্যেও কয়েকটি প্রতিষ্ঠান ভালো ফলাফল করেছে। পাসের হারে শীর্ষে রয়েছে চিটাগাং আইডিয়াল হাই স্কুল (পটিয়া হরিণখাইন ক্যাম্পাস) এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে রয়েছে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গ্রামীণ এলাকার স্কুলগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। বিশেষ করে শাহ আমিন উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পাসের হার ২০ শতাংশের নিচে। এমন হতাশাজনক ফলাফলের পেছনে যথাযথ পাঠদান ও নিয়মিত তদারকির অভাবকে দায়ী করছেন স্থানীয় সচেতন মহল। শিক্ষা বিভাগ থেকে এই বিপর্যয়ের কারণ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























