চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রোয়াকুলি গ্রামের রেলগেটের কাছে কাঠবোঝাই একটি অবৈধ যান ‘লাটাহাম্বার’ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল লতিফ (৫০), তিনি একই গ্রামের মোজাহার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ আলমডাঙ্গা শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে রোয়াকুলি রেলগেটের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই লাটাহাম্বারের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আলমডাঙ্গার একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর লাটাহাম্বারটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
রিপোর্টারের নাম 

























