গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল নরসিংদী। পাইপলাইনে গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় শত শত টেক্সটাইল, ডাইং, সিরামিকসহ মাঝারি ও ভারী শিল্পকারখানার উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে। মহেশখালীতে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির ফলে সৃষ্ট এই জ্বালানি ঘাটতি দীর্ঘায়িত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় উদ্যোক্তারা।
দেশের মোট কাপড়ের চাহিদার প্রায় ৭০ শতাংশ জোগান আসে নরসিংদী থেকে। এখানে তিন হাজারের বেশি টেক্সটাইল ও ডাইং মিল রয়েছে। ব্যবসায়ী নেতাদের মতে, বর্তমান পরিস্থিতিতে গ্যাসের চাপ ১০ পিএসআই-এর পরিবর্তে মাত্র ১ থেকে ২ পিএসআই পাওয়া যাচ্ছে, যা দিয়ে কারখানা চালানো অসম্ভব। এর ফলে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে, যা জাতীয় অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে।
শিল্পমালিকরা জানিয়েছেন, বিগত সরকারের আমল থেকে চলে আসা নানা সংকট কাটিয়ে বর্তমান নির্বাচিত সরকারের সময়ে যখন তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, তখন এই জ্বালানি সংকট তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উৎপাদন বন্ধ থাকায় সময়মতো শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে শিল্পাঞ্চলকে সচল করার দাবি জানিয়েছেন তারা।
রিপোর্টারের নাম 
























