জামালপুরের মেলান্দহে ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে প্রতারণার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মেলান্দহ মডেল মসজিদে ইসলাম ধর্ম গ্রহণের নাটক সাজিয়ে মুসল্লিদের কাছ থেকে অর্থ সংগ্রহের সময় সঞ্চয় শর্মা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঠাকুরগাঁওয়ের বাসিন্দা সঞ্চয় শর্মা জুমার নামাজের পর মুসল্লিদের সামনে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। এরপরই তিনি নিজের অসহায়ত্বের কথা বলে মুসল্লিদের কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে শুরু করেন। তার কথাবার্তায় সন্দেহ হলে উপস্থিত মুসল্লিরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে তার কাছে একটি হলফনামা পাওয়া যায়, যা ব্যবহার করে তিনি এর আগেও বিভিন্ন এলাকায় একই কায়দায় প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে।
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই ব্যক্তি নিজের ভুল স্বীকার করেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার শর্তে এবং মুচলেকা প্রদানের পর তাকে ছেড়ে দেওয়া হয়। মেলান্দহ মডেল মসজিদের ইমাম ও স্থানীয় মুসল্লিরা জানান, ধর্মীয় আবেগকে ব্যবহার করে এ ধরনের প্রতারণা অত্যন্ত দুঃখজনক। তারা এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে প্রশাসনকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























