ফরিদপুরের সালথা উপজেলায় পৃথক দুটি স্থানে সাপের কামড়ে এক গৃহবধূ ও এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার পিসনাইল ও সোনাতন্দী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন পিসনাইল গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী সরস্বতী মণ্ডল (৪২) এবং সোনাতন্দী গ্রামের সাইদুল মোল্লার মেয়ে সাকিবা আক্তার (৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার খুব সকালে সরস্বতী মণ্ডল বাড়ির পাশে একটি ইঁদুরের গর্তে পা দিলে গর্তে থাকা একটি বিষধর সাপ তাকে দংশন করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে, সোনাতন্দী গ্রামে বাড়ির আঙিনায় খেলার সময় ছোট্ট শিশু সাকিবা ইঁদুরের গর্তে হাত দিলে তাকে সাপে কামড় দেয়। প্রাথমিকভাবে বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পর শিশুটির শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয়। দ্রুত তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়া হয়। কবিরাজ সাপে দংশনের কোনো আলামত নেই বলে জানালে পরিবারের সদস্যরা তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন এই দুটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, বর্ষার পানি বৃদ্ধি পাওয়ায় এলাকায় সাপের উপদ্রব কিছুটা বেড়েছে। এই মর্মান্তিক ঘটনা দুটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
রিপোর্টারের নাম 

























