পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে অত্যন্ত দৃষ্টিনন্দন ও বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘লাল কোট’। মঙ্গলবার মাছটি আলিপুর মৎস্য বন্দরের একটি আড়তে বিক্রির জন্য আনা হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। উজ্জ্বল লাল রঙের এই মাছটি এক নজর দেখতে ভিড় জমান উৎসুক জনতা।
মৎস্য বন্দর সূত্রে জানা গেছে, গভীর সমুদ্রে মাছ ধরার সময় এফবি জারিফ-৪ ট্রলারের মাঝি আসাদের জালে এই মাছটি আটকা পড়ে। পরে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি আনা হলে স্থানীয় এক ব্যবসায়ী এটি ১ হাজার টাকায় কিনে নেন। আসাদ মাঝি জানান, দীর্ঘ মাছ ধরার জীবনে তিনি এর আগে এমন রঙের মাছ কখনও দেখেননি।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মাছটির ইংরেজি নাম ‘Redcoat Squirrelfish’, যা মূলত প্রবাল প্রাচীর বা পাথুরে তলদেশে বিচরণ করে। মাছটির বড় চোখ এবং শরীরজুড়ে সাদা-রূপালি ডোরাকাটা দাগ একে অনন্য বৈশিষ্ট্য দান করেছে। সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের বিরল প্রজাতির মাছের তথ্য সংরক্ষণ করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন গবেষকরা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিশেষজ্ঞরা জানান, এটি বাংলাদেশের সামুদ্রিক তালিকার একটি গুরুত্বপূর্ণ প্রজাতি হলেও সচরাচর দেখা যায় না।
রিপোর্টারের নাম 

























