যুক্তরাজ্যের বার্মিংহামে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়সর এম আহমেদ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে, তার নির্বাচনী এলাকা জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়ন ও অগ্রযাত্রা আর কখনো অবহেলিত থাকবে না। একইসঙ্গে তিনি প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরতে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
গত রোববার রাতে বার্মিংহামের পেরিবার এলাকার একটি স্থানীয় হলে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কয়সর এম আহমেদ বলেন, তিনি শুধু সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নন, বরং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও প্রতিনিধি হিসেবে তাদের কল্যাণে কাজ করতে চান। তিনি জানান, ইতোমধ্যে তিনি জাতীয় সংসদে তার এলাকার উন্নয়নের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে তাদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। বিশেষ করে বিগত নির্বাচনে প্রবাস থেকে পোস্টাল ভোটের মাধ্যমে ভোটদানকারী, ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া এবং দেশে এসে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়া ও সমর্থন প্রদানকারী প্রবাসীদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাওলানা এখলাসুর রহমানের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিকুর রহমান রফু ও ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের যৌথ সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে কিডারমিনস্টার কাউন্সিলের মেয়র কাউন্সিলর সাজু মিয়া, বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















