জুলাই বিপ্লবে আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে শহীদদের পরিবারের জন্য ৮০৪টি এবং আহতদের জন্য ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট নির্মাণ করতে যাচ্ছে বর্তমান বিএনপি সরকার। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ এই মহৎ প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্পটির দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে মূল্যায়নের কাজ চলছে। গেজেটভুক্ত নিহত ও আহতদের পরিবারের জন্য এসব আবাসিক ফ্ল্যাট তৈরি করা হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিমন্ত্রী সোহেল মনজুর বলেন, ‘আমরা আগামী মাসে সুবিধাজনক সময়ে অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্পের কাজ শুরু করব। আশা করি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির উদ্বোধন করবেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’ তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের জন্য রাজধানীতে আবাসনের ব্যবস্থা করা বর্তমান সরকারের একটি বড় দায়িত্ব।
প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের আবাসন। ঢাকার মতো একটি ভালো স্থানে তাদের জন্য অ্যাপার্টমেন্ট নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি সেপ্টেম্বরে কাজ শুরু করতে পারি, তাহলে সর্বোচ্চ তিন বছরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করতে পারব বলে আশা করি।’
তিনি জানান, গেজেটভুক্ত জুলাই শহীদ ও আহতদের পরিবারকে আবাসিক ফ্ল্যাট দিতে সরকার মিরপুরের কালশীতে মোট ৩৩টি ভবন নির্মাণ করবে। এর মধ্যে নিহতদের পরিবারের জন্য ১০ তলাবিশিষ্ট ১২টি ভবন এবং ১৪ তলাবিশিষ্ট আরও ছয়টি ভবন নির্মাণ করা হবে। আর আহতদের জন্য ১৪ তলাবিশিষ্ট ১৫টি ভবন নির্মাণ করাসহ মোট ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর বলেন, জুলাই বিপ্লবে আত্মত্যাগের স্বীকৃতি হিসেবেই সরকারের এই উদ্যোগ। তিনি বলেন, ‘তাদের আত্মত্যাগের তুলনায় এটি হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু আমরা এটিকে সম্মানের একটি নিদর্শন হিসেবে বিবেচনা করি।’ সরকার শহীদ পরিবার ও আহতদের জন্য ভাতা দিচ্ছে এবং বিভিন্ন ধরনের সহায়তা ও সহযোগিতা অব্যাহত রেখেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, তিনি ব্যক্তিগত ও রাজনৈতিকভাবেও তার এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছেন। পিরোজপুরে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের বিভিন্ন প্রয়োজনের খোঁজখবর নিচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থান রাতারাতি সৃষ্টি হয়নি উল্লেখ করে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জনগণের ওপর যে দমন-পীড়ন চালিয়েছিল, তারই ফলশ্রুতিতে এই গণঅভ্যুত্থান ঘটেছিল।
রিপোর্টারের নাম 




















