ইয়েমেনের উপকূলীয় লোহিত সাগরে হামলার শিকার হয়ে ভারতের পতাকাবাহী একটি জাহাজ ডুবে গেছে। হামলায় জাহাজটি উল্টে গিয়ে সাগরে তলিয়ে যায়। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা হোদেইদা বন্দর থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে ‘এমএসভি ফাইজে নুরি ওলিয়ে’ নামের জাহাজটি হামলার মুখে পড়ে। জাহাজটিতে মোট ১৪ জন ক্রু ছিলেন, যার মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনের নাগরিক। সৌভাগ্যবশত, উদ্ধার অভিযানে সকল নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স নিশ্চিত করেছে যে, তাদের কোস্ট গার্ডের নৌ ইউনিট যৌথ উদ্ধার অভিযান চালিয়ে নাবিকদের নিরাপদে উদ্ধার করেছে।
ভারত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, কোনো ধরনের উস্কানি ছাড়াই তাদের পতাকাবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, কয়েক দিন আগে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে অবরোধের ঘোষণা দেয় এবং সৌদির পণ্যবাহী কোনো জাহাজকে বাব এল-মান্দেব প্রণালি দিয়ে লোহিত সাগর অতিক্রম করতে দেওয়া হবে না বলে জানিয়েছিল।
রিপোর্টারের নাম 





















