নব্বই দশকে ঢাকাই চলচ্চিত্রে আগমন ঘটেছিল জনপ্রিয় নায়ক আমিন খানের। একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করেন। তবে দীর্ঘ সময় ধরে বড় পর্দায় অনিয়মিত ছিলেন এই গুণী অভিনেতা। এবার সেই বিরতি ভেঙে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’ দিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন আমিন খান। তবে এবার তিনি হাজির হবেন খলনায়ক চরিত্রে।
নতুন সিনেমায় যুক্ত হওয়ার অনুভূতি জানাতে গিয়ে আমিন খান বলেন, “খুব ভালো লাগছে। অনেকদিন পর সিনেমায় কাজ করছি। সুযোগ হয়েছে বলেই ফিরছি। মাঝে অনেকটা সময় গ্যাপ দিয়েছি। কেন জানি না, ব্যাটে-বলে মিলছিল না। নির্মাতা ইকবাল যখন প্রস্তাব দিলেন, তখন মনে হলো সিনেমাটি করা যায়। এ ছাড়া এই সিনেমায় অনেক গুণী শিল্পী কাজ করছেন। সবার চেষ্টা থাকবে দর্শকদের একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার।”
১৯৯৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আমিন খানের। এরপর অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের ভালোবাসা অর্জন করেন।
‘গুলশানের চামেলি’তে আমিন খান ছাড়াও অভিনয় করবেন অনন্ত জলিল, ওমর সানী, রোজিনা, মিশা সওদাগর, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে। পরিচালক ইকবাল জানিয়েছেন, ২০২৬ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের কোনো এক ঈদে ছবিটি মুক্তি পাবে।
রিপোর্টারের নাম 

























