চলচ্চিত্রে নিয়মিত অভিনয় না করলেও ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সক্রিয়। নিয়মিতই নিজের ব্যক্তিগত মুহূর্ত, ছবি এবং জীবনের নানা ভাবনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা।
সম্প্রতি বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কমলা রঙের স্টাইলিশ ব্লেজার পরিহিত চারটি নতুন ছবি পোস্ট করেছেন শাবনূর। রঙিন ফুলের মনোরম সাজে সজ্জিত ব্যাকগ্রাউন্ড তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ছবিগুলোর সঙ্গে একটি অর্থবহ বার্তাও শেয়ার করেছেন তিনি। শাবনূর লিখেছেন, ‘বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।’
তার এই পোস্টে অধিকাংশ ভক্তই অভিনেত্রীর বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন এবং মন্তব্যের ঘরে ভালোবাসা ও সমর্থনের বার্তা জানিয়েছেন। কেউ কেউ শাবনূরের সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, আবার কেউ তার প্রতি আস্থা ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন।
প্রায় দুই বছর আগে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছিলেন শাবনূর। তবে সিনেমাটির কাজ এখনো শেষ হয়নি বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 

























