দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশের সিনেমায় আরও অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন। শাকিব খানের বিপরীতে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে তিনি এদেশের দর্শকদের মন জয় করেছিলেন। যদিও এরপর তিনি শাকিবের সঙ্গে আরও অভিনয় করেছেন, তবে ‘প্রিয়তমা’র জনপ্রিয়তা অটুট রয়েছে।
কলকাতার নাটকের অভিনেত্রী হিসেবে পরিচিত ইধিকা ‘প্রিয়তমা’র মাধ্যমে সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর দুই বাংলাতেই তার ব্যস্ততা বাড়ে এবং তিনি আরও কয়েকটি সিনেমায় কাজ করেন। বর্তমানে তিনি কলকাতায় সৃজিত মুখার্জির একটি সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
ইধিকা পাল তার ‘প্রিয়তমা’র দিনগুলো ভীষণভাবে মিস করেন। তিনি জানান, প্রথমবার ঢাকায় এসে বিএফডিসি, হাতিরঝিল ঘুরে দেখার পর ভার্সেটাইল মিডিয়ার অফিসে সময় কাটিয়েছিলেন। এর কয়েক দিন পরই শুরু হয় ‘প্রিয়তমা’র শুটিং। শাকিব খানের সঙ্গে সেটিই ছিল তার প্রথম সিনেমা। কাজ শেষে তিনি কলকাতায় ফিরে যান।
সিনেমা মুক্তির পর অভাবনীয় সাড়া পান ইধিকা। তিনি বলেন, ‘সিনেমা মুক্তির পর চারদিকে হইচই পড়ে গেল। আমি মাকে নিয়ে ঢাকায় এসে বসুন্ধরা সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখেছিলাম। মাস্ক পরা সত্ত্বেও দর্শকরা আমাকে চিনে ফেলেছিল। সত্যি বলতে, প্রিয়তমা আমার জীবনে আশীর্বাদ। এমন গল্পে আমি বাংলাদেশের সিনেমায় আরও অভিনয় করতে চাই। জানি না সেই সুযোগ আবার আসবে কি না।’
রিপোর্টারের নাম 

























