কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন বাটেরারচর এলাকায় চর দখলকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। গত ২৬ জুলাইয়ের এই সংঘর্ষে কুহিনূর আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছিলেন।
রোববার (২ আগস্ট) দুপুরে এমপি সেলিম ভূঁইয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সংঘর্ষে নিহত কুহিনূর আক্তারের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সান্ত্বনা দেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন।
পরিদর্শনের আগে এমপি মেঘনা উপজেলার আলীপুর বাজারে যান। সেখানে তিনি কুহিনূর আক্তার হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া চরবিনোদপুর ও আলীপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে এবং কেউ যেন এই পরিস্থিতিকে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
পরে এমপি সেলিম ভূঁইয়া মেঘনা উপজেলার চরবিনোদপুর এবং তিতাস উপজেলার নতুন বাটেরারচর গ্রামের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলো ঘুরে দেখেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি সেলিম ভূঁইয়া বলেন, “একটি টাউট চক্র পরিস্থিতি ঘোলা করে এখান থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি সরকার এই ধরনের কোনো অপচেষ্টা সফল হতে দেবে না এবং আমরা কাউকে সেই সুযোগ দিতে চাই না।”
তিনি আরও বলেন, “নিহত কুহিনূর আক্তার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি একজন নিরীহ গৃহবধূ। তার তিনটি মেয়ে ও একটি ছেলে আজ মাকে হারিয়ে এতিম হয়েছে। এই হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করা হবে।”
এ সময় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এবং তিতাস ও মেঘনা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছিলেন এবং প্রায় ৭০ থেকে ৮০টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছিল।
রিপোর্টারের নাম 






















