প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো দ্রুত সচল করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করেছেন তিনি।
সম্প্রতি রোববার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় সিদ্ধান্ত হয়েছে যে, আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে ঢাকার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
নৌপথ সচলের পাশাপাশি প্রধানমন্ত্রী নদীর চারপাশে ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন। এর ফলে একদিকে যেমন পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে, তেমনই নদীর তীরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 




















