জুলাই কেবল একটি মাসের নাম নয়, এটি আত্মমর্যাদার এক অনন্য উচ্চারণ, সাহসের দীপ্ত প্রতীক এবং ন্যায় ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় অধ্যায়। ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল, যা সাবেক অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের পথ প্রশস্ত করে। সেই আত্মত্যাগের মহিমা ও বীরত্বকে স্মরণ করে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক আবেগঘন স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
আগামীকাল, ৩ আগস্ট, সন্ধ্যা ৬:৩০ মিনিটে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই বিশেষ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত বীরযোদ্ধাদের পরিবারবর্গ অংশগ্রহণ করবেন, যাঁরা তাঁদের আত্মত্যাগ, রক্ত, বেদনা ও অদম্য সাহস দিয়ে জুলাই বিপ্লবকে ইতিহাসের এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছেন।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায়চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পলিসি ও স্ট্র্যাটেজি, ডা. জাহেদ উর রহমান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মওলা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
অনুষ্ঠানের শুরুতে সমবেত যন্ত্রসংগীত ‘মুক্তির মন্দির সোপান তলে’ পরিবেশিত হবে। এরপর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং একটি তথ্যচিত্র প্রদর্শিত হবে।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন ইথুন বাবু অ্যান্ড ফ্রেন্ডস, মনির খান, পিয়াল হাসান এবং ইউসুফ আহমেদ খান। আবৃত্তি করবেন এনামুল হক জুয়েল, সিমা ইসলাম, ইকবাল আহমেদ, ফারজানা এলি ও টিটো মুনসী। সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ সমবেত সংগীত পরিবেশন করবেন। এই আয়োজন জুলাই বিপ্লবের বীরদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
রিপোর্টারের নাম 




















