চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, ৯ রাউন্ড তাজা গুলি, দেশীয় অস্ত্র এবং ভারতীয় স্কপ সিরাপসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ক্ষমতাসীন দল বিএনপির সহযোগী সংগঠন যুবদলের স্থানীয় নেতা।
শনিবার দিবাগত গভীর রাতে জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন (৩৪) এবং করেরহাট ইউনিয়নের সরকার তালুক গ্রামের মৃত মোহাম্মদ উল্ল্যার ছেলে রহিম উল্ল্যা রনি (৩৫)। রোববার তাদের চট্টগ্রামের আদালতে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বোরহান উদ্দিনের কাছ থেকে একটি ৭.৬২ মি.মি. বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড তাজা গুলি, দুটি ছোরা, একটি ফোল্ডিং সুইচ গিয়ার এবং এক বোতল ভারতীয় স্কপ সিরাপ উদ্ধার করা হয়। একই অভিযানে তার সহযোগী রহিম উল্ল্যা রনির কাছ থেকেও ভারতীয় স্কপ সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি করে মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকের ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্ষমতাসীন দলের যুব সংগঠনের একজন নেতার কাছ থেকে বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনা জনমনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
রিপোর্টারের নাম 























