দীর্ঘ এক দশক পর অস্ট্রেলিয়ায় সংগীত পরিবেশন করতে যাওয়া উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লা আজ সন্ধ্যায় সিডনির ‘নরওয়েস্ট কনভেনশন সেন্টার’-এ মঞ্চ মাতাবেন। তার সঙ্গে অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আলেয়া বেগম, পিন্টু ঘোষ, ইমন চৌধুরী, মিঠুন চক্র এবং মৃধা শিবলু। লোকসংগীত, আধুনিক বাংলা গান, ফিউশন এবং লাইভ ব্যান্ডের পরিবেশনার মাধ্যমে দর্শকদের জন্য একটি স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
রুনা লায়লা জানান, ২৯ জুলাই ঢাকা ছাড়ার পর তিনি একদল মিউজিশিয়ান নিয়ে অস্ট্রেলিয়ায় আসেন। তিনি বলেন, “বহু বছর পর অস্ট্রেলিয়ায় এলাম। সবকিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছে। আশা করছি সিডনি ও মেলবোর্নে প্রবাসী ভাই-বোনদের সঙ্গে দারুণ সময় কাটবে।” তিনি আরও জানান, ৮ আগস্ট মেলবোর্নের ‘রিসাইটাল সেন্টার’-এ আরেকটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন। দুটি শোতেই তিনি তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন এবং প্রতিটি শো শেষ হবে তার ট্রেডমার্ক গান ‘দামাদাম মাস্ত কালান্দার’ দিয়ে।
৮ আগস্টের শো শেষে আরও তিন দিন অস্ট্রেলিয়ায় থাকার পর রুনা লায়লা আগামী ১২ আগস্ট দেশে ফিরবেন। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে নিজের অবস্থান ধরে রাখা এই শিল্পী বাংলা, হিন্দি, উর্দুসহ আঠারোটি ভাষায় অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তার দীর্ঘ সংগীতজীবনে প্রথমবারের মতো একটি একক সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়, যেখানে তিনি রাষ্ট্রীয়ভাবে বিশেষ সম্মাননাও লাভ করেন।
রিপোর্টারের নাম 

























