বলিউড বাদশা শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই ব্যাপক আলোচনায় এসেছে। আগামী ক্রিসমাস সপ্তাহে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাওয়া এই অ্যাকশন-থ্রিলার সিনেমাটির মিউজিক রাইটস বা সঙ্গীত স্বত্ব প্রায় ৫০ কোটি রুপিতে কিনে নিতে পারে খ্যাতনামা প্রতিষ্ঠান জি মিউজিক। এই চুক্তি সম্পন্ন হলে তা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বড় মিউজিক রাইটস চুক্তি হিসেবে বিবেচিত হবে।
যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পুনিত গোয়েঙ্কা জানিয়েছেন যে, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলছে। তিনি আরও বলেন, জি মিউজিক সবসময় এমন চুক্তিকে গুরুত্ব দেয় যেখানে প্রযোজকরাও ন্যায্য আর্থিক সুবিধা পান।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘কিং’ সিনেমায় সঙ্গীত পরিচালনায় রয়েছেন শচীন-জিগর এবং আবহ সঙ্গীত তৈরি করছেন অনিরুদ্ধ রবিচন্দর। সিনেমাটিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং রানী মুখার্জির মতো তারকারা।
রিপোর্টারের নাম 

























