লক্ষ্মীপুরে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে ৮ বছর বয়সী শিশু আব্দুর রহমান। মাত্র এক বছরেরও কম সময়ে সে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্ত করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। এত অল্প বয়সে এই অসাধারণ সাফল্য অর্জন করায় তার পরিবার, শিক্ষক এবং স্থানীয়রা আনন্দিত ও গর্বিত। সকলেই আব্দুর রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।
আব্দুর রহমান কমলনগর উপজেলার করুনানগর এলাকার কৃষক আবুল কালামের ছেলে। সে হাজিরহাট আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের হিফয বিভাগের ছাত্র। তার এই সাফল্যে বাবা-মা ও শিক্ষকরা উচ্ছ্বসিত।
নিজের অনুভূতি প্রকাশ করে আব্দুর রহমান জানায়, “আমার বাবার স্বপ্ন ছিল আমাকে হাফেজ বানানো। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই আল ইহদা ইসলামিক ইনস্টিটিউট মাদরাসার হিফয বিভাগে ভর্তি হয়েছিলাম। শিক্ষকদের সর্বোচ্চ সহযোগিতা ও আমার একাগ্রতা আমাকে এই সাফল্য এনে দিয়েছে। আমি বড় হয়ে যেন একজন বড় আলেম হতে পারি, সেজন্য সবার দোয়া চাই।”
জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি মাসে আব্দুর রহমান আল ইহদা ইসলামিক ইনস্টিটিউট মাদরাসার হিফয বিভাগে ভর্তি হয়। এর আগে সে অন্য একটি মাদরাসায় প্রায় ছয় মাস পড়াশোনা করে ১৫ পারা কুরআন মুখস্ত করেছিল। আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটে ভর্তির পর বাকি ১৫ পারা মুখস্ত করে এক বছরেরও কম সময়ে সে পূর্ণাঙ্গ হাফেজ হয়।
আব্দুর রহমানের বাবা আবুল কালাম বলেন, “আমার দুই ছেলে। দু’জনকেই হাফেজ বানানোর স্বপ্ন ছিল। বড় ছেলেকে পারিনি, সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে। তবে ছোট ছেলে আব্দুর রহমান হাফেজ হয়েছে, যা আমার জন্য অত্যন্ত আনন্দের। আশা করি সে একজন ভালো মানুষ ও বড় আলেম হিসেবে গড়ে উঠবে।”
আল ইহদা ইসলামিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারহান সাকিব জায়েদ বলেন, “আমাদের মাদরাসার ছাত্র আব্দুর রহমান মাত্র ৮ বছর বয়সে তার হিফয সম্পন্ন করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে সারা জীবন কুরআনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন।”
রিপোর্টারের নাম 

























