দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৫০ জন এবং হাম শনাক্ত হয়েছে ১৮৭ জনের। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৩৭ জন নতুন হাম রোগী শনাক্ত হয়েছে। এর ফলে সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মারা গেছে ৮১০ শিশু। এর মধ্যে ৯৫ শিশুর মৃত্যু নিশ্চিত হামে এবং বাকি ৭১৫ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এখন পর্যন্ত মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৭ হাজার ৩৪৪ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে এক লাখ ২২ হাজার ১৫০ শিশু। এর মধ্যে নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৫ হাজার ১৯৪ শিশু। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৪ হাজার ৭১৭ শিশু। এর মধ্যে এক লাখ ১ হাজার ৫৬ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে ঢাকা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে রয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০৯ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে, যার মধ্যে নিশ্চিত হামের রোগী ছিলেন ৮৪ জন।
রিপোর্টারের নাম 

























