দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে জামায়াতে ইসলামী। দলটি মনে করে, জনগণের মৌলিক অধিকার হিসেবে এই সেবা নিশ্চিত করতে হলে দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা জরুরি। রাজধানীর মোহাম্মদপুরের বাদশাহ ফয়সল স্কুল অ্যান্ড কলেজ মাঠে নগর উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়তে হলে জলাবদ্ধতা, যানজট, অপরিকল্পিত নগরায়ণ, চুরি-ছিনতাইসহ নাগরিক জীবনের সব সমস্যা সমাধানে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, সবার অংশগ্রহণেই একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও স্মার্ট সিটি গড়ে তোলা সম্ভব।
সেলিম উদ্দিন বলেন, দেশের সাধারণ মানুষ এখনও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে, অনেক ক্ষেত্রে যন্ত্রপাতি থাকলেও তা ব্যবহার উপযোগী নয় অথবা পরীক্ষা-নিরীক্ষার যথাযথ ব্যবস্থা নেই। এটি অত্যন্ত দুঃখজনক। তিনি স্বাস্থ্যসেবা খাতের এই সংকটের অন্যতম কারণ হিসেবে ঘুষ, চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের দুর্নীতিকে দায়ী করেন। তার মতে, দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলেই জনগণ মানসম্মত চিকিৎসাসেবা পাবে।
জামায়াতের লক্ষ্য শুধু রাষ্ট্রক্ষমতায় যাওয়া নয়, বরং মানুষের কল্যাণ নিশ্চিত করা। এই লক্ষ্যেই তারা ডিজিটাল হেলথ কার্ড, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আল্লাহর বিধান অনুসরণের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে নগর জীবনের নানা সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন এবং কয়েক হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন। উল্লেখ্য, এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার উত্তরা, ভাটারা, মগবাজারসহ বিভিন্ন ওয়ার্ডে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিনের উদ্যোগে একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দেড় শতাধিক ছানি আক্রান্ত রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















