সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিলাসবহুল ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ পোশাক ও মূল্যবান সামগ্রীর সন্ধান পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। রোববার দুর্নীতির অভিযোগে ক্রোক করা ফ্ল্যাটটির মালামালের তালিকা তৈরির কাজ শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইনভেন্টরির প্রথম দিনেই উদ্ধার করা হয়েছে ৩০০টি দামী কোট, ৫৩২টি টাই এবং শতাধিক কামিজ।
রাজধানীর এই অভিজাত ফ্ল্যাটটির বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা বলে জানিয়েছে দুদক। তল্লাশি অভিযানে পোশাকের পাশাপাশি ৮টি দামী ঘড়ির বক্স (যার মধ্যে ৪টি রোলেক্স), মুক্তার গহনা এবং একাধিক ঝাড়বাতি তালিকাভুক্ত করা হয়েছে। দুদকের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সোমবারও এই মালামাল তালিকার কাজ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই সাবেক এই মন্ত্রী লন্ডনে অবস্থান করছেন। তার বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সেই তদন্তের অংশ হিসেবেই আদালতের নির্দেশে তার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 

























