ছয় মাস ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের দ্বিতীয় সংশোধনী প্রস্তাব। এই প্রস্তাব অনুমোদিত হলে দেশের অন্যতম বৃহৎ এই অবকাঠামো উদ্যোগের মোট ব্যয় বেড়ে দাঁড়াবে প্রায় ২৬ হাজার ৫৮১ কোটি টাকা, যা মূল প্রাক্কলনের চেয়ে ৫৫ দশমিক ১৫ শতাংশ বেশি।
আগামী বুধবার মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে প্রকল্পটিসহ মোট আটটি প্রকল্প উপস্থাপন করা হবে। পরিকল্পনা বিভাগ এর প্রস্তুতি সম্পন্ন করেছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, দ্বিতীয় সংশোধনীতে প্রকল্পটির নকশায় তিনটি গুরুত্বপূর্ণ সংযোগ যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাইপাইল ইন্টারচেঞ্জ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে প্রবেশ ও বহির্গমনের সুবিধা এবং নির্মাণাধীন এমআরটি লাইন-১ (পাতাল মেট্রোরেল)-এর সঙ্গে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব সংযোজনের ফলে রাজধানী ও আশপাশের সড়ক নেটওয়ার্কের সঙ্গে এক্সপ্রেসওয়ের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
প্রকল্পের ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, ভ্যাট ও আয়কর কাঠামোর পরিবর্তন, কাস্টমস শুল্ক বৃদ্ধি, ইউটিলিটি স্থানান্তর, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ, পরামর্শক সেবার ব্যয় এবং নতুন অবকাঠামো সংযোজনকে চিহ্নিত করা হয়েছে। শুরুতে ১৬ হাজার ৯০১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদিত হলেও প্রথম সংশোধনীতে তা বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ৫৫৩ কোটি টাকা। দ্বিতীয় সংশোধনীতে আরও ৯ হাজার ৬৮০ কোটি টাকা যোগ করার প্রস্তাব করা হয়েছে।
সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থায় চীনের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রকল্পের মোট অর্থায়নের মধ্যে সরকারি তহবিল থেকে পাঁচ হাজার ৯৫১ কোটি ৪১ লাখ টাকা এবং চীনের ঋণ থেকে ১০ হাজার ৯৪৯ কোটি ৯০ লাখ টাকা ব্যয় করা হবে।
এই প্রকল্পের আওতায় রাজধানীর কাওলা থেকে আব্দুল্লাহপুর, কামারপাড়া, ধউর, আশুলিয়া, জিরাবো, বাইপাইল ও সাভার ইপিজেড হয়ে শ্রীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন স্থানে ওঠানামার সুবিধা রাখা হবে, যা ঢাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























