কক্সবাজারের টেকনাফে চার ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। শুক্রবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাসেল ও তার সহযোগী আরমান।
র্যাব জানায়, গত ২৩ জুন টেকনাফের গহীন পাহাড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে চারজনকে অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র। এরপর ভুক্তভোগীদের পরিবারের কাছে ৫ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। ঘটনার পর গত ৩০ জুন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে অপহৃত চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছিল র্যাব। তবে ঘটনার মূল হোতারা তখন পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাবের গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবশেষে এই চক্রের প্রধান রাসেল ও তার সহযোগীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























