ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে রাষ্ট্রপতি নিযুক্ত বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস। গত ৭ জুলাই দায়িত্ব নেওয়ার পর প্রশাসক টিম প্রাথমিক তদন্তে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক বিশৃঙ্খলার চিত্র খুঁজে পায়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
তদন্তে দেখা গেছে, দীর্ঘদিন ধরে আরজেএসসিতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের কোনো নিবন্ধন নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ কোটি টাকা মূল্যের জমি ও ভবনসহ স্থায়ী সম্পদ তসরুপের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাংক হিসেবে বিপুল অর্থের গরমিল এবং ক্রয় ও উন্নয়ন প্রকল্পে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অনিয়মের গভীরতা খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন (দুদক), এনবিআর, বিএফআইইউ এবং সিআইডিকে স্বাধীন তদন্তের জন্য আমন্ত্রণ জানিয়েছে বর্তমান প্রশাসক বোর্ড।
প্রশাসক টিম আরও জানায়, বিশ্ববিদ্যালয়টিতে অনুমোদনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি, সার্টিফিকেট বাণিজ্য এবং শিক্ষার্থীদের ন্যূনতম সুযোগ-সুবিধার অভাব পরিলক্ষিত হয়েছে। অনিয়ম ও অর্থ পাচারের বিষয়গুলো খতিয়ে দেখে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাই এখন বর্তমান বোর্ডের প্রধান লক্ষ্য।
রিপোর্টারের নাম 























