ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া গ্রামে বিষধর সাপের কামড়ে ইসাহাক বিশ্বাস (৬৫) নামের এক চা দোকানির মৃত্যু হয়েছে। রোববার ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে ইসাহাক বিশ্বাস নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ের শিকার হন। রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে দ্রুত স্থানীয় একজন ওঝার কাছে নিয়ে যান। দীর্ঘক্ষণ ঝাড়ফুঁকের পরও ওঝা ব্যর্থ হলে তিনি ইসাহাককে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
পরবর্তীতে রোববার সকালে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইসাহাক বিশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা পাঁচপাখিয়া গ্রামে সাপের কামড়ে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 

























